সিলেটের জৈন্তাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে চাল এবং চা-বাগানের শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার চিকনাগুল খান চা-বাগানে আয়োজিত এক অনুষ্ঠানে চা-শ্রমিকদের মাঝে প্রধান অতিথি হিসেবে শাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি চা-শ্রমিকদের জীবনমান ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের মাঝে পর্যায়ক্রমে মোট ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণ করা হবে। এছাড়া, উপজেলার ২১টি পূজামণ্ডপে ৫৭০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে সরকারি বরাদ্দ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছিল। এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষ থেকে অতিরিক্তভাবে প্রতিটি মণ্ডপে আরও ৫৭০ কেজি করে চাল দেওয়া হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইন্তাজ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হাবিবনগর চা-বাগানের ম্যানেজার, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোববার (১৮ অক্টোবর) উপজেলার অন্যান্য চা-বাগানেও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সমন্বয়ে পর্যায়ক্রমে শাড়ি ও চাল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









