লক্ষ্মীপুরের রায়পুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ডেকোরেশন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের সুলজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্গোৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় ওই মন্দিরে সাজসজ্জার কাজ করছিলেন কামাল হোসেন। কাজের একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাত আটটার দিকে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রায়পুর উপজেলার ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা ও প্রস্তুতি নিবিড়ভাবে তদারকি করছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর মন্দির এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









