সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে পাবনার ভাঙ্গুড়ায় প্রতিবছর বসে ঐতিহ্যবাহী পূজার মেলা। বিজয়া দশমীর দিন উপজেলার বড়াল ও গুমাণী নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে হাজারো মানুষের পদচারণায়। এই মেলাকে কেন্দ্র করে মাটির তৈরি আকর্ষণীয় খেলনা ও গৃহস্থালি সামগ্রী তৈরিতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন ভাঙ্গুড়ার মৃৎশিল্পীরা।
সারা বছর তেমন কদর বা ব্যস্ততা না থাকলেও দুর্গাপূজা ও মেলা উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলার পালপাড়ার নারী-পুরুষ ও শিশুরা মৃৎশিল্পের নানা পণ্যে রূপ দিচ্ছেন। কেউ মাটি মাখছেন, কেউ ছাঁচে দিয়ে তৈজসপত্র বানাচ্ছেন, আবার কেউ শুকানোর পর রং-তুলির নিখুঁত আঁচড় দিচ্ছেন মাটির খেলনা ও তৈজসপত্রে। শিশুদের খেলনার পাশাপাশি নারীরা তৈরি করছেন মসলা রাখার পাত্র, হাঁড়ি এবং দেয়ালে ঝোলানোর নানা শোপিস।
আধুনিকতার ছোঁয়া ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেকে পৈতৃক পেশা ছেড়ে দিলেও, বংশপরম্পরা এবং জীবিকা নির্বাহের তাগিদে এখনো অনেকেই মৃৎশিল্পকে আঁকড়ে ধরে আছেন।
সম্প্রতি ভাঙ্গুড়া পৌর শহরের কালীবাড়ি পালপাড়া ঘুরে দেখা যায়, কারিগরদের হাতের ছোঁয়ায় একে একে গড়ে উঠছে মাটির পুতুল, হাতি, ঘোড়া, পাখি, হাঁস-মুরগি, মাটির ব্যাংক, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, ফুলদানি, প্রদীপ, কলস ও হাড়িপাতিলসহ নানা রকমের তৈজসপত্র। প্লাস্টিক ও স্টিলের পণ্যের ভিড়ে মাটির এসব পণ্যের কদর কিছুটা কমলেও পূজার মেলায় ঐতিহ্যবাহী এসব মাটির খেলনা ও তৈজসপত্রের প্রতি অন্যরকম আকর্ষণ থাকে ক্রেতাদের।
পালপাড়ার মৃৎশিল্পী শ্রী সাধন চন্দ্র পাল জানান, একসময় মৃৎশিল্পের সুদিন থাকলেও সময়ের পরিবর্তনে তা অনেকটাই ম্লান হয়ে গেছে। পূর্বপুরুষের এই কাজের প্রতি ভালোবাসা ও শিকড়ের টানে তাঁরা এখনো পেশাটি ধরে রেখেছেন। প্রতিবারের মতো এবারও মেলায় বিক্রির জন্য হরিণ, হাতি, গরু, ঘোড়া, খরগোশ, উটপাখি, হাঁস ও টিয়াসহ বিভিন্ন ধরনের খেলনা তৈরি করছেন তাঁরা।
এ বিষয়ে কবি, সাংবাদিক ও সমাজকর্মী শেখ সাখাওয়াত হোসেন বলেন, প্রযুক্তির উন্নয়নে মাটির তৈরি জিনিসের স্থান দখল করে নিচ্ছে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল ও সিরামিক। আধুনিক পণ্যের প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক ঐতিহ্যবাহী মাটির পণ্য হারিয়ে যেতে বসেছে। আমাদের নিজস্ব সংস্কৃতির স্বার্থেই এই মৃৎশিল্পের সোনালি দিন ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









