বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ভোলা জেলা প্রশাসন ও ভোলা জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই স্মরণোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী মিসেস তাবাসসুম মেহনাজ জাহান, ভোলা পৌর প্রশাসক মো. বেলাল হোসেন, ভোলা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস এবং ভোলা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মাদ হাসানুর রশীদসহ অন্যান্য অতিথিরা।
অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাউলসম্রাট লালন সাঁইয়ের বর্ণাঢ্য জীবনদর্শন, সংগীত ও মানবতাবাদী চিন্তার বিভিন্ন দিক আলোকপাত করেন। তাঁরা বলেন, লালন সাঁই তাঁর অবিনশ্বর গান ও দর্শনের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বদা মানবতার জয়গান গেয়েছেন। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবপ্রেমের অবিনশ্বর দর্শন বর্তমান সমাজের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন সংস্কৃতি ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।
আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পীরা বাউলসম্রাট লালন সাঁইয়ের জনপ্রিয় গান ও বাউলসংগীত পরিবেশন করেন। লোকজ সুর ও বাংলার সংস্কৃতির এই পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবং লোকজ ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









