ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের কোদালের আঘাতে সোহান মন্ডল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল (৩০) পলাতক রয়েছেন।
গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহান মন্ডল ও অভিযুক্ত সুমন মন্ডল ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক কোনো বিষয় নিয়ে সুমনের স্ত্রীর সঙ্গে ছোট ভাই সোহানের স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বিকেলে সোহানের সঙ্গে বড় ভাই সুমনেরও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন পাশেই থাকা কোদাল দিয়ে সজোড়ে সোহানের মাথায় আঘাত করেন।
এ সময় সোহানের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত সুমন দ্রুত পালিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









