শ্রীনগর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর ডাকবাংলো সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন করা হয়। এতে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা। অথচ বিষয়টি সম্পর্কে জানেন না মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও আসনটির সরকার দলীয় এমপি মোঃ আব্দুল্লাহ। শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও বিষয়টি সম্পর্কে অবগত নন।
উপজেলা বিএনপির সভাপতির সিদ্ধান্তে প্রধান কার্যালয় উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানাগেছে, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা ঘোষণা দেন শ্রীনগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় ১৬ অক্টোবর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হবে। একই সাথে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাহফেরাত কামনা করে দোয়া মাহফিলের ঘোষণা দেন। একই দিন মুন্সীগঞ্জ-১ আসনের এমপিকে প্রধান অতিথী করে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপির ব্যানারে সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন ডাকবাংলোয় দিনব্যাপী যৌথ প্রতিবাদ সভার ঘোষণা দেয়।
এই ঘোষণার পরপরই শহিদুল ইসলাম মৃধা তার ঘোষিত কর্মসূচী একদিন পিছিয়ে নিয়ে ১৭ আক্টোবর সকাল ১০টায় করার ঘোষণা দেন। শুক্রবার রাতে কর্মসূচী উপলক্ষ্যে ৩টি গরু জবাই করা হয় এবং উদ্বোধনের জন্য তৈরি কার্যালয়ে বসে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা সহ বেশ কয়েকজন নেতা সেখানে বসে খিচুরি খান। এর ছবি ও ভিডিও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
শনিবার সকাল ১০ টায় আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। দুপুর দুইটায় দোয়া মাহফিল শেষে আড়াইটার দিকে কার্যালয়টি উদ্বোধন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ জসিম মোল্লাহ সহ সেখানে উপস্থিত একাধিক নেতা জানান, কার্যালয়টি উদ্বোধন করে সেখানে সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়েছেন।
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান জানান, ২০২২ সাল থেকে মোঃ আব্দুল্লাহ মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা। তিনি গত সংসদ নির্বাচনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তাকে পাশ কাটিয়ে শ্রীনগর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নামে প্রধান কার্যালয় উদ্বোধন করা কতটা যুক্তিযুক্ত তা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। তাছাড়া এই কার্যালয় উদ্বোধন উপজেলা বিএনপির কোন সাংগঠনিক সিদ্ধান্ত নয়। মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে বহিস্কৃত একাধিক নেতাকেও উপজেলা বিএনপির সভাপতি তার পাশে বসিয়েছেন।
এই বিষয়ে কথা বলার জন্য শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মোঃ আব্দুল্লাহ বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। আমি মুন্সীগঞ্জ-১ আসনের এমপি তাই আমাকে বলবে ও দাওয়াত দিবে এটাই স্বাভাবিক। এর বাইরে যদি কেউ দলীয় কার্যালয় উদ্বোধন করে তাহলে তা অবশ্যই নিয়ম বর্হিভূত এবং বিশৃংখলার জন্য করতেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









