সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজ আরও গতিশীল ও কার্যকর করতে লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস)-এর ৭০ জন নারী কর্মীর মাঝে বিভিন্ন ধরনের কাজের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের ছয়টি গ্রুপে বিভক্ত নারী কর্মীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। এলজিইডি জামালগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিতরণ করা সরঞ্জামের মধ্যে ছিল— ৭০টি ছাতা, ৩০টি মাটি বহনের ঝুড়ি, ১৩টি কোদাল, ৬টি কলসি এবং ১৪টি গ্লাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, "পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে এলসিএসের নারী কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের শ্রম ও নিষ্ঠার মাধ্যমেই গ্রামীণ সড়কগুলো সচল রাখা সম্ভব হচ্ছে। নারী কর্মীদের কাজের পরিবেশ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, যা তাঁদের দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলবে।"
তিনি আরও বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এলজিইডি নিয়মিত কাজ করে যাচ্ছে। হাওরাঞ্চলীয় এই উপজেলায় গ্রামীণ সড়ক সচল রাখা স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সরঞ্জাম বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সারফুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, কমিউনিটি অর্গানাইজার ঝনিক চন্দ্র দাস, এলসিএস সুপারভাইজার কামাল হোসেন, জুয়েল মিয়া ও আমীর হোসেন এবং অফিস সহায়ক হেলাল উদ্দিন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









