পটুয়াখালীর দুমকিতে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে। তিনি আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং ওই ওয়ার্ডের দু’বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি অফিস ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কদমতলা বাজারে অভিযান চালায়। অভিযানকালে অভিযুক্ত কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, বিএনপি কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় অভিযুক্ত আসামি সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









