নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গুরুদাসপুর থানা মোর শাপলা চত্বরে নির্ধারিত স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আজকের পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চলনবিলের প্রবীণ সাংবাদিক মো. শহিদুল ইসলাম, গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, দেশ রূপান্তরের সাংবাদিক মেহেদী হাসান শাওন, আজকের বসুন্ধরা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাংলাদেশ সমাচারের সাংবাদিক সজিবুর রহমান, মুভি বাংলার বারকুল্লাহ ইসলাম বারেক ও সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অসংগতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হামলা ও হত্যার মতো নৃশংস ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ধরনের অপরাধের সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ড বন্ধ এবং তাদের পেশাগত পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তাঁরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









