সরকারি সেবা প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান। বয়োবৃদ্ধ এক অসহায় মায়ের কষ্টের কথা শুনে নিজের দপ্তরের চেয়ার ছেড়ে নিচে নেমে এসে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ইউএনওর এমন মানবিক আচরণে মুগ্ধ হয়েছেন ওই বৃদ্ধাসহ স্থানীয় সাধারণ মানুষ।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানবিক ঘটনা ঘটে।
জানা যায়, মানবিক সহায়তার আশায় ওই বয়োবৃদ্ধ মা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসেছিলেন। কিন্তু বয়সের ভারে ন্যুব্জ ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাঁর পক্ষে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ওঠা সম্ভব ছিল না। নিরূপায় হয়ে তিনি নিচেই অপেক্ষা করছিলেন। বিষয়টি কোনোভাবে ইউএনওর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি বিন্দুমাত্র দেরি না করে নিজ কার্যালয়ের চেয়ার ছেড়ে দ্রুত নিচে নেমে আসেন।
পরে তিনি ওই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়ে পরম মমতায় তাঁর কষ্টের কথা শোনেন। কী কারণে তিনি এসেছেন এবং কী ধরনের সহায়তা প্রয়োজন—সবকিছু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জেনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বৃদ্ধা মা আবেগাপ্লুত হয়ে বলেন, "বাবা, আমি বুড়া মানুষ, বয়স হইছে, হাঁটতে পারি না, সিঁড়ি বাইতে পারি না। অনেক কষ্ট কইরা আইছি একটু সাহায্যের লাইগা। ভাবছিলাম উপরে যাইতে পারমু না, ফিরা যাইতে হইব। কিন্তু বড় স্যার নিজেই নিচে নাইমা আমার কথা শুনছেন। এর চেয়ে বড় পাওয়া আর কী আছে! এমন ভালা মানুষ আছে বইলাই দুনিয়া টিকে আছে। আল্লাহ তার ভালো করুক।"
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ সরকারি দপ্তরে সেবা নিতে এসে মানুষকে নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় কর্মকর্তার দেখা মেলে না। সেখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ থেকে নিচে নেমে এসে একজন সাধারণ বৃদ্ধার কথা শুনেছেন—এমন দৃশ্য সত্যিই বিরল ও অনুপ্রেরণাদায়ী। উপস্থিত অনেকেই এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, "সরকারি সেবা প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব ও কর্তব্য। ওই বৃদ্ধা মা শারীরিকভাবে অসুস্থ এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছেন না শুনে আমি নিজেই নিচে নেমে গেছি। সেবা প্রত্যাশী প্রতিটি নাগরিককে সম্মান জানানো এবং তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









