ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার কাজিরবের ইউনিয়নের পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে ধাওয়া করলে তিনি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে অস্ত্র, গুলি ও সিরাপ উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









