পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টায় রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন কেন্দ্রটি আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে, বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। প্রশাসনের নির্দেশনা তাঁরা পেয়েছেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। সংগঠন দুটি এর আগে আরও দুইবার অবরোধ কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে।
সড়কে অবরোধের ঘোষণার কারণে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









