সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার সোরা দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয়রা জলদস্যুদের তৎপরতা রোধ, স্বাস্থ্যসেবা, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ও এলাকার অন্যান্য সমস্যা তুলে ধরেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন শিক্ষক আবু তালেব, আমজাদ হোসেন ও ইকবাল হোসেন মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুন্দরবনে জলদস্যু দমনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি গাবুরায় সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ এবং চলমান মেগা প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









