জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধা শহরসহ জেলার সাতটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ব্যানার ও ফেস্টুনে চলন্ত যানবাহনে ওঠানামা না করা, পণ্যবাহী যানবাহনে যাত্রী হিসেবে চলাচল না করা, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং চলন্ত যানবাহনের বাইরে শরীরের কোনো অংশ না রাখার বিষয়ে নির্দেশনা তুলে ধরা হয়েছে।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব বার্তা প্রচার করা হচ্ছে।
গাইবান্ধা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. ফয়সাল হাসানের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের মতে, জনসচেতনতা বৃদ্ধি ও আইন মানার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









