নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব তরিকুল ইসলাম খান (লোহানী)।
বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও তাঁরা মন্তব্য করেন।
বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৭ বছরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ পাননি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার আনন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছেন বলে তাঁরা জানান।
তাঁরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









