সিলেটের বালাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট নিচে হাওরের পানিতে পড়ে মোটরসাইকেলসহ তিন আরোহী। এ ঘটনায় সাইফুর রহমান আলিম (২২) নামে এক তরুণ ফুটবলার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুর উপজেলার রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
আহতরা হলেন একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়েছ আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু রাতে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে হাওরের পানিতে পড়ে যায়। সড়কের পাশে স্থাপিত ব্লকে আঘাত পেয়ে সাইফুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর আহত ওয়েছ আহমদ ভোর ৪টার দিকে পাশের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সিলেটে নিয়ে যান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে সিলেট শহরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাইফুর ভালো মানের ফুটবলার ছিলেন। স্বজনদের ভাষ্য, তিনি ছিলেন নম্র, ভদ্র, ধার্মিক ও মেধাবী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তার বড় ভাই যুক্তরাজ্যে থাকেন। সাইফুরের ইউরোপে যাওয়ার প্রক্রিয়াও চলছিল। তার অকালমৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৯টার দিকে তিনি থানায় বিষয়টি জানান।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তদফদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









