পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজসংলগ্ন সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন নিরাপদ আশ্রয়ের জন্য একটি পলিথিন দিয়ে তৈরি ঘরে অবস্থান নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাত আঘাত হানলে ছয়জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের সবাই কিশোর ও তরুণ বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের কারও পরিচয় জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









