মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন রোহিত শর্মা। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি জেতার ধারেকাছেও পৌঁছতে পারেনি তার দল। সেই রোহিত শর্মাকেই আবারও অধিনায়ক পদে ফেরাচ্ছে মুম্বাই।
সব ঠিক থাকলে, পরের বছর মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিতকে। প্রথমে অনিচ্ছুক হলেও দল পরিচালনা সমিতির অনুরোধে রাজি হয়েছেন তিনি।
জানা গেছে, গত আইপিএলের মাঝপথেই হার্দিককে সরিয়ে রোহিতকে অধিনায়ক করতে চেয়েছিল মুম্বাই। শেষ পর্যন্ত তা হয়নি। তবে হার্দিককে যে নেতা রাখা হবে না, তা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রশ্ন ছিল, অধিনায়ক কে হবেন? দলে সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটার রয়েছেন। তিলক বর্মার মতো তরুণ ক্রিকেটারও আছেন। তবু অভিজ্ঞ রোহিতকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “রোহিত প্রথমে তিলকের নাম বলেছিল। কিন্তু দলের তরফে তাকেই নেতৃত্বের দায়িত্ব নিতে বলা হয়। রোহিত রাজি হয়েছে। নিউজিল্যান্ডে যাওয়ার আগে রোহিতের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। নতুন কোচেদের নিয়োগের ব্যাপারেও ওর মতামত নেওয়া হয়েছে।”
গত সপ্তাহে রোহিতের নেতৃত্বের প্রসঙ্গে মুম্বাইয়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, “একটা জল্পনা চলছে। ট্রেড উইন্ডো শেষ না হলে এবং রিটেনশনের তালিকা প্রকাশ না হলে কিছুই চূড়ান্ত করা হবে না। রোহিত যতদিন চায় মুম্বাইয়ের হয়ে খেলতে পারে।”
গত হার্দিকের অধীনে ১০টি ম্যাচে হেরেছিল মুম্বাই। গত মৌসুমের পর থেকেই হার্দিককে অন্য দলে বিক্রি করা হবে বলে জল্পনা চলছে। যদি তা নাও হয়, তা হলে হার্দিক আবার রোহিতের অধীনে খেলতে রাজি আছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









