হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামের এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ি থেকে তার পচাগলা কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—রামনগর গ্রামের শাহ আলম (৪২), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।
পুলিশ জানায়, নিহত মহব্বত আলী একই গ্রামের বিলাত আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন তথ্যের আদান-প্রদান করতেন। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন।
দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তির সহায়তায় তদন্তের পর জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। পরে মূল অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রামনগর গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।
ডিবির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর ৪ জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









