অমিতাভ বচ্চনের সামনে বসে কথা বলছেন, অথচ তার চোখের দিকে তাকাতেই পারছেন না রণবীর কাপুর। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এসে নিজের জীবনের এক বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা।
আসন্ন ছবি ‘রামায়ণ’র প্রচারে অমিতাভের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই কথায় কথায় উঠে এল তার জীবনের দুই বিশেষ মানুষের প্রসঙ্গ।
রণবীর জানান, জীবনে মাত্র দু’জন মানুষের সঙ্গে কথা বলার সময়ে তিনি চোখে চোখ রাখতে পারেন না। তাদের মধ্যে এক জন হলেন তার প্রয়াত বাবা ঋষি কাপুর। অন্য জন হলেন অমিতাভ বচ্চন।
তিনি বলেন, “আমার জীবনে মাত্র দু’জন মানুষ এসেছেন, যাদের সঙ্গে কথা বলার সময়ে আমি চোখে চোখ রাখতে পারি না। এক জন আমার বাবা, অন্য জন আপনি।”
মুক্তির অপেক্ষায় রণবীরের ‘রামায়ণ’। ছবিটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রচার। নীতেশ তিওয়ারী পরিচালিত এই ছবি শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক স্তরেও বড় আকারে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। নির্মাতাদের দাবি, বিশ্বের ১০০টিরও বেশি দেশে প্রায় ৫০ হাজার প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি।
নমিত মলহোত্র প্রযোজিত ছবিতে রামের চরিত্রে রণবীর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, হনুমান হিসেবে সানী দেওয়াল এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’ এর। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









