সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন গাইবান্ধার সাংবাদিকরা। শুধু প্রতিবাদ নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীমণিকে বয়কটের ঘোষণাও দিয়েছেন তারা।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে গাইবান্ধা শহরের পুলিশ লাইনসংলগ্ন গণ উন্নয়ন রেসিডেনশিয়াল স্কুলের সামনে সাঘাটা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। এতে জেলা ও বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার ঢাকায় আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দেন পরীমণি। একজন শিল্পীর এমন আচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি গালিগালাজ, ভয়ভীতি ও হত্যার হুমকির শিকার হন, তাহলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।
সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, হাবিবুর রহমান, শাহীন মিয়া, ওমর ফারুক রনি, দিশা আক্তার, সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনা, আবু তাহের, আনোয়ার হোসেন রানা, লালচান বিশ্বাস সুমন, আব্দুল মুনতাকিন জুয়েল, কার্তিক চন্দ্র বর্মনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে হবে। পেশাগত দায়িত্ব পালনের কারণে কাউকে অপমান, হুমকি কিংবা হয়রানি করার সুযোগ নেই। পরীমণির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









