কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক অভিযানে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) সক্রিয় সদস্যসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনকে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এবং অন্যজনকে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
তিনি জানান, দুপুর ১২টা ১০ মিনিটে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ (৪২) নামের একজনকে আটক করা হয়। তিনি ক্যাম্পের ডি/০৭ ব্লকের ৫৮১ নম্বর শেডের বাসিন্দা।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ৭ নভেম্বর নারীঘটিত একটি অভিযোগকে কেন্দ্র করে আরসার সদস্য ও সাধারণ লোকজন নূর মোহাম্মদকে অপহরণ করে জামতলী ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে এআরওর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন এবং আগে আরসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথাও জানিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে ক্যাম্প এলাকায় বিভিন্ন নারীঘটিত অভিযোগ রয়েছে বলেও জানানো হয়।
এ ছাড়া উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ২০২২ সালের ২১ মার্চ ও ২৫ সেপ্টেম্বর দায়ের করা মামলা দুটি বর্তমানে আদালতে বিচারাধীন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে সামসুল আলম ওরফে সামসু নামের আরেক রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি উখিয়ার ১ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।
পরিচয় ও এফসিএন নম্বর যাচাই শেষে বিকেল ৩টা ১০ মিনিটে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএনের ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









