কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ১১টি ভবনের নকশা অনুমোদন দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত নকশা অনুমোদনবিষয়ক সভায় আবেদনকারীদের হাতে অনুমোদিত নকশার কপি তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কউকের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।
চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই ছিল নকশা অনুমোদনবিষয়ক প্রথম সভা। এতে সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারি আবু।
সভায় উপস্থিত ছিলেন কউকের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান উদবাতুল বারি আবু বলেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদনবিষয়ক সভা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশা অনুমোদন দেওয়া হবে।
তিনি আরও জানান, সেবার মান উন্নয়ন ও আবেদনকারীদের হয়রানিমুক্ত রাখতে কর্তৃপক্ষ কাজ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









