রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯) পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কসবামাজাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিন পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের শেখ মো. জাকারিয়া জাকিরের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, পাংশা থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জায়েদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন প্রচারণা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









