চিকিৎসক ও জনবল সংকটে বিপর্যস্ত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এসে পড়ছেন চরম ভোগান্তিতে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে নিয়মিত দায়িত্ব পালন করছেন মাত্র দুজন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও তাঁদের অনেকেই নিয়মিত রোগী দেখছেন না। ফলে চিকিৎসাসেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের।
কুলাউড়া একটি বৃহৎ উপজেলা। প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ কয়েক মাস ধরে চিকিৎসক ও জনবল সংকটের কারণে জোড়াতালি দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। বিভিন্ন সময়ে মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও কিছুদিনের মধ্যেই বদলি কিংবা প্রেষণে অন্যত্র চলে যাচ্ছেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ৩৩টি। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস, মেডিকেল অফিসার ডা. মো. মুসাদ্দিক হোসেন ও ডা. আবদুর রহমান আয়েজ কর্মরত রয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল বাহার সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দায়িত্ব পালন করেন। বাকি চার দিন তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে কর্মরত থাকেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ এফ এম রেজাউল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃণাল সাহা, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসউদুর রহমান এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু বকর নাসের রাশু এ হাসপাতালে কর্মরত থাকলেও রোগী দেখার জন্য তাঁদের নির্ধারিত কক্ষ নেই বলে জানা গেছে। তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে বসে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসউদুর রহমান ও জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মো. সাদেকুল আলম প্রেষণে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কর্মরত রয়েছেন। অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম প্রেষণে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং সহকারী ডেন্টাল সার্জন মো. নাহিদ ইসলাম বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন।
হাসপাতালের শূন্য পদগুলোর মধ্যে রয়েছে ইএনটি, চক্ষু, গাইনি, সহকারী সার্জন, মেডিকেল অফিসার, অ্যানেসথেশিয়া, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক), প্যাথলজিস্ট ও আবাসিক মেডিকেল অফিসারের পদ।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিদিন জরুরি বিভাগে প্রায় ৩০০ এবং বহির্বিভাগ ও আবাসিক বিভাগ মিলিয়ে গড়ে ৬০০ থেকে ৮০০ মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রোগীদের দীর্ঘ সারি দেখা যায় টিকিট কাউন্টারের সামনে। অনেকেই চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
হাসপাতালের মহিলা ওয়ার্ডে কথা হয় কুলাউড়া সদর ইউনিয়নের হরিপুর গ্রামের হানিফ মিয়ার স্ত্রী জুবেদা আক্তারের সঙ্গে। তিনি জানান, তাঁর দেড় মাস বয়সী মেয়ে তালহা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসক সংকটের কারণে অনেক রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়ার আগেই জেলা সদর কিংবা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এতে যাতায়াতসহ চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে। তবে শিশু বিশেষজ্ঞ ডা. আবু বকর নাসের রাশু এবং মেডিকেল অফিসার ডা. মো. মুসাদ্দিক হোসেন ও ডা. আবদুর রহমান আয়েজ রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসার বিভিন্ন কর্মশালা ও জেলা-উপজেলা পর্যায়ের সভায় অংশ নিতে গেলে হাসপাতালে চিকিৎসাসেবা আরও ব্যাহত হয় বলে অভিযোগ রয়েছে।
চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত ও প্রয়োজনীয় সরঞ্জামসংক্রান্ত সমস্যাও রয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে পর্যাপ্ত বাতি নেই। এমনকি শৌচাগারে পানির বদনার মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীরও সংকট রয়েছে। বিদ্যুৎ চলে গেলে রোগীদের অন্ধকারে থাকতে হয়। এ পরিস্থিতিতে সাংবাদিক মুক্তাদিরের উদ্যোগে হাসপাতালে রোগীদের সুবিধার্থে বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যাকআপ লাইট স্থাপন করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগের চেয়ে পরিদর্শনই বেশি চোখে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, চিকিৎসক ও জনবল সংকটের কারণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারপরও সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। চিকিৎসক সংকট নিরসন এবং প্রেষণে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেষণের আদেশ বাতিলের জন্য সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে।
মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। খুব শিগগিরই মৌলভীবাজার জেলায় বেশ কিছু চিকিৎসক পদায়ন করা হবে। এরপর কুলাউড়াসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।
কুলাউড়া আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ মো. শওকতুল ইসলাম শকু বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট নিরসন এবং হাসপাতালটি ১৫০ শয্যায় উন্নীত করার জন্য সংসদে জোরালো দাবি জানিয়েছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বিভিন্ন উপজেলার পাশাপাশি সিলেট বিভাগের তিনটি উপজেলার মধ্যে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নিয়েছেন। এর প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি তিনি পুনরায় সংসদে উত্থাপন করবেন।
দীর্ঘদিনের এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কুলাউড়ার বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









