পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে। আর পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। প্রতিটি ধাপের ভোটই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
ইসি সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে অথবা নির্বাচনী চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন আগামী ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে। সব জেলায় একই সময়ে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
তিনি আরও জানান, উপজেলা সদরের কাছাকাছি থাকা ইউনিয়ন এবং যেসব ইউনিয়নে আগে নির্বাচন হওয়ার কথা ছিল কিংবা যেগুলোর মেয়াদ বেশি সময় ধরে শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








