ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে সুখি বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার এক বছর দুই মাস পর গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে মো. হাসান হাওলাদার (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হাসান হাওলাদার পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা তাঁদের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে তারা।
এ সময় দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে যান সুখি বেগম। তাদের একজনকে চিনে ফেলায় তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘর থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, মামলার তদন্তে হাসান হাওলাদারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হাসান হাওলাদারকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








