চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ৩৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন, ৪০ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকের চালক জসিম শেখ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন সেখের ছেলে।
অভিযানে ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটি (নম্বর: WB-73-G-4001) জব্দ করা হয়। আটক মোবাইল ফোন, পাথর ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তি ও জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








