হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জিয়াউল আহসান, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র আইনজীবী শামসু মিয়া চৌধুরী ও মুরারী ধর, হবিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, মহসিন শিকদার, আব্দুল মোতালিব মমরাজ ও বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করেন, শহরের চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক ডা. মো. সোলাইমান মিয়া ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনের অপচিকিৎসায় গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট শহরের চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









