সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদ যাত্রায় যশোর মহাসড়কে দুর্ভোগের ছায়া

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

ঈদ যাত্রায় যশোর মহাসড়কে দুর্ভোগের ছায়া

ঈদুল ফিতরের মুখে মুসলমানরা পরিবার-পরিজনের সঙ্গে ঘরে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন। তবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে দীর্ঘদিন ধরে চলমান খোঁড়াখুঁড়ি, ভাঙাচোরা সড়ক ও ধীরগতির সংস্কারকাজে যাত্রীরা বিপাকে পড়ছেন। যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী, ব্যবসায়ী এবং পণ্যবাহী যানবাহন চলাচল করলেও ঈদযাত্রার সময়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় গত ডিসেম্বর থেকে ঢালাই কাজ শুরু হলেও এখনও অসম্পূর্ণ। প্রায় দুই কিলোমিটার এলাকা খোঁড়া থাকায় যানবাহন ঝুঁকি নিয়ে অন্য পাশে চলাচল করছে, ফলে যানজট প্রতিনিয়ত তৈরি হচ্ছে। ঈদযাত্রার চাপ আরও বেড়ে যাওয়া আশঙ্কা করছেন স্থানীয়রা।

যশোর-ঝিনাইদহ মহাসড়কেও পরিস্থিতি সমান উদ্বেগজনক। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক খুলনা, রাজশাহী ও উত্তরবঙ্গকে সংযুক্ত করছে। ছয় লেনে উন্নীত করার প্রকল্প ধীরগতিতে চলায় খোঁড়াখুঁড়ি ও ভঙ্গুর সড়কের কারণে যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। বর্ষার সময় জমে থাকা পানি ও শুকনো মৌসুমে ধুলাবালি বিপদ বাড়াচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, শুধুমাত্র সড়কের বেহাল অবস্থা নয়, মহাসড়কের ওপর চলাচলকারী থ্রি-হুইলার, ইজিবাইক, অটো রিকশা-ভ্যান, আলমসাধু, নসিমন-করিমন ইত্যাদিও যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে।

ট্রাকচালক সাদ্দাম হোসেন বলেন, “সড়কে প্রতিদিনই ভোগান্তি। গর্তে পড়ে গাড়ির স্প্রিং, চাকা ও অন্যান্য যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চলতে হয়। এতে মালামাল সময়মতো পৌঁছানোও কঠিন। যাত্রীদের জন্যও ঝুঁকি বাড়ছে।”

বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল চালকরা জানান, যানজট ও দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। গর্তে পড়ে গাড়ি উল্টে যাচ্ছে, মালামাল ক্ষয় হচ্ছে, শ্বাসকষ্ট ও চোখে জ্বালা হচ্ছে। সাধারণ যাত্রীরাও সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।

সড়ক সংস্কারের দাবিতে গত ২ মার্চ ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি মানববন্ধন করেছে। সংগঠনটির সভাপতি আশরাফুল আলম জানান, মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও তিন বছরে মাত্র দুই শতাংশ কাজ হয়েছে। দ্রুত সংস্কার না হলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।

যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, বসুন্দিয়া অংশের ঢালাই ঈদের আগে শেষ করা সম্ভব নয়। যশোর-ঝিনাইদহ মহাসড়কের সংস্কার প্রকল্প চলমান থাকায় ঈদে যানজটের সম্ভাবনা থাকবে, তবে অন্যান্য আঞ্চলিক সড়কে বড় সমস্যা হবে না।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.