স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ জন্মস্থান কক্সবাজারের পেকুয়ায় ঈদ উদযাপন করেছেন।
শনিবার (২১ মার্চ) সকালে তিনি পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছু সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ে কাটান। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এর আগে সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটে গাড়িযোগে মসজিদে পৌঁছান মন্ত্রী। সকাল ৮টা থেকেই তার বাসভবন ‘সাইদ ম্যানশন’-এ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ঈদের নামাজ শেষে তিনি পেকুয়া উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠের সংস্কারের জন্য সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি পেকুয়া-মগনামা সড়ক হয়ে কুতুবদিয়া-মগনামা জেটিঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক ও বেড়িবাঁধের অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, প্রতারণা বা ফ্রড এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে এ ধরনের অপরাধ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘ-এর তত্ত্বাবধানে “গ্লোবাল সামিট অন ফ্রড” আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশ সম্মিলিতভাবে প্রতিরোধ কৌশল নির্ধারণে কাজ করছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ ও চলমান বিষয়। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার এ সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
ঈদের নামাজ শেষে সকাল ১০টার দিকে মন্ত্রী মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ, উন্নত সড়ক ও নৌপথ নির্মিত হলে কুতুবদিয়া, পেকুয়াসহ পুরো উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
জানা গেছে, আগামী ২২ মার্চ পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় যোগ দেবেন মন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









