নাটোরে সাড়ে তিন মাস বয়সী এক শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, যা জেলা জুড়ে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ৯ মাসের কম বয়সী, ফলে তারা টিকার আওতার বাইরে রয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয় নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের সাইফাতুল কাশফি নামে শিশুটির। পরিবার জানিয়েছে, শুক্রবার ঠান্ডা ও জ্বরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল; পরে শরীরে হামের মতো গুটি দেখা দেয়। সোমবার রাতে তাকে রামেকে নেওয়া হলে মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসে হামের উপসর্গ নিয়ে ৩৮ জন শিশু ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৩ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ৩ জন চিকিৎসাধীন। হামে আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের আলাদা কক্ষে (আইসোলেশন) চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেছেন, মৃত শিশুর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে হাম ছিল কি না। জেলা প্রশাসক আসমা শাহীন অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগের মতে, ৯ মাসের নিচের শিশুদের জন্য টিকা দেওয়া সম্ভব নয়, তাই বাড়তি সতর্কতা জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









