গত দুই দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর সূর্যের তাপ অনুভূত হচ্ছে। দিনের বেশিরভাগ সময় গরমে কষ্ট পেতে হচ্ছে চুয়াডাঙ্গাবাসীকে। দুপুরে কোথাও কোথাও পিচঢালা সড়কের পিচ নরম হয়ে যেতে দেখা গেছে।
তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, বৃহস্পতিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আবহাওয়ার হিসাবে মাঝারি তাপপ্রবাহ। গতকাল বুধবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ১০টার পর থেকেই তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে মানুষের উপস্থিতি কমে যাচ্ছে। রোদের তাপ তীব্র হয়ে উঠছে। মানুষ রোদে বেশিক্ষণ থাকতে পারছে না। প্রশান্তি পেতে অনেকে তরল জাতীয় খাবার গ্রহণ করছেন।
গত বছর একই সময়ে চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও বেশি ছিল। ২০২৫ সালের ২৮ মার্চ চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার বেলা ৩টায় রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন আরও জানান, তাপমাত্রা ক্রমান্বয়ে আরও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









