খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি জোনের অন্তর্গত কুকিছড়াপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল ২০২৬ ভোরে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে।
জানা যায়, সেনাবাহিনীর তল্লাশি দল ইউপিডিএফ-এর পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করার সময় সেখানে অবস্থানরত দুই জন ইউপিডিএফ (মূল) সদস্য দৌড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দেয়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাসদস্যরা তাদের পিছু ধাওয়া করলেও দূর্গম ভূপ্রকৃতির কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ১টি দেশীয় এলজি, ৬ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন (গুলি) এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানার ওসি মোঃ সোহরাওয়ার্দি সত্যতা স্বীকার করেছেন, সবগুলো দেশীয় অস্ত্রের মধ্যে ২ রাউন্ড কার্তুজ অকেজো। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









