কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পসংলগ্ন একটি ইটভাটার পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম।
মারা যাওয়া দুই শিশু হলো টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাহিদ হাসানের ছেলে মো. এরশাদ (১২) এবং একই ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে খলিলুর রহমান (১১)।
তিনি জানান, বিকেলের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পসংলগ্ন একটি ইটভাটার পুকুরে কয়েকজন রোহিঙ্গা শিশু গোসল করছিল। এ সময় সাঁতার কাটতে গিয়ে তাদের মধ্যে দুই শিশু ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মৌচনী ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল চকরিয়ায় দুই কন্যাশিশু, মাতারবাড়িতে ২ বছর বয়সী এক শিশু এবং ৫ এপ্রিল মহেশখালীর হোয়ানকে এক চতুর্থ শ্রেণির ছাত্রী পুকুরে ডুবে মারা যায়। গত ৯ দিনে কক্সবাজারে পুকুরে ডুবে ৬ শিশুর মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









