কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় অভিযানে একটি প্রাইভেটকারের তেলের ট্যাংকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ বিশেষ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের উত্তর পাড়ার মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়ার মোছাম্মৎ বিউটি (২৭) ও মোছাম্মৎ মাহিম (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটির তেলের ট্যাংকের ভেতর কসটেপে মোড়ানো ২১টি পোটলা পাওয়া যায়। পোটলাগুলোতে থাকা ইয়াবার সংখ্যা প্রায় ৪২ হাজার।
বিজিবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









