পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ।
পরীক্ষা চলাকালীন সময়ে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মুহা. আমিনূর রহমান উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য অধ্যাপক ড. শহীদুল ইসলাম।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা এবং অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ নানা উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, আজ দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









