‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
তিনি বলেন, ‘‘নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। একজন নার্স শুধু সেবা দেন না, তিনি রোগীর মানসিক শক্তি হয়ে ওঠেন। ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা জরুরি।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাওয়াহ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার, নার্সিং ইনস্টিটিউট বরগুনার ইন্সট্রাক্টর ইনচার্জ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের অবদান তুলে ধরেন এবং তাদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









