ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আরও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়।
বুধবার (৩ জুন) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, আহত বাংলাদেশিদের মধ্যে তিনজন বর্তমানে দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন ভর্তি আছেন সফদরজং হাসপাতালে।
হাইকমিশন জানায়, পুরো পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আহতদের শারীরিক অবস্থার দিকেও রাখা হচ্ছে বিশেষ নজর।
এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এছাড়া অগ্নিকাণ্ডের পর উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের নিরলস প্রচেষ্টারও প্রশংসা করেছে হাইকমিশন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









