নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সেমিফাইনালের এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয় লাল-সবুজদের।
ম্যাচের শুরু থেকেই কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩তম মিনিটে এগিয়ে যায় নেপাল। দীপা শাহির কর্নার থেকে আসা বলে গীতা রানি গোল করে নেপালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।
এরপর আরও বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ। ৩৬তম মিনিটে নেপালের প্রীতি রাজের দূরপাল্লার শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে পোস্টে লেগে ফিরে আসে।
পিছিয়ে পড়েও ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরে তারা। কর্নার থেকে নেওয়া আক্রমণে ঋতুপর্ণা চাকমা বাঁকানো শটে সরাসরি গোল করে স্কোরলাইন ১-১ করেন।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমিয়ে তোলে। শুরুতেই আবারও গোল হজমের শঙ্কা তৈরি হয় বাংলাদেশের সামনে। নেপালের রেখা গোলরক্ষককে কাটিয়ে শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে।
৬৯ মিনিটে আবারও ভাগ্য সহায় হয় বাংলাদেশকে। নেপালের সারু লিম্বুর বাঁকানো শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। অন্যদিকে ৭৮ মিনিটে বাংলাদেশের সাগরিকার নেওয়া শট দুর্দান্তভাবে রুখে দেন নেপাল গোলরক্ষক সুব্বা।
নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নাটকীয়তা। শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে সাগরিকার চাপে নেপালের ডিফেন্ডারদের ভুলে বল জড়িয়ে যায় নিজেদের জালে। আত্মঘাতী গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









