দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এডিস মশাবাহিত এ রোগে এক দিনে সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ জন হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা। একই সময়ে তিনজনের মৃত্যু পরিস্থিতির ভয়াবহতাকে আরো স্পষ্ট করেছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪৬১ জনে পৌঁছানো এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দেড় লাখ হওয়া প্রমাণ করে, মশাবাহিত এ রোগ নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি ও কার্যক্রমে এখনো বড় ঘাটতি রয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে ডেঙ্গু ও হাম- দুই রোগের বিস্তার মোকাবিলায় সমন্বিত ও জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। জরিপে ২ হাজার ২৫০টি বাড়ি পরিদর্শন করে ৩২২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ার ঘটনা প্রমাণ করে, আমাদের আবাসিক ও আশপাশের পরিবেশে মশার প্রজননস্থল কতটা বিস্তৃত। প্লাস্টিকের বালতি, ড্রাম, ফুলের টব, বেইজমেন্টে জমে থাকা পানি কিংবা নির্মাণাধীন ভবনের অব্যবহৃত জায়গা- সবই এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। তাই শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধনের ওপর নির্ভর করলে চলবে না। মশার প্রজননস্থল ধ্বংস করাই হতে হবে প্রধান কৌশল। তবে প্রশ্ন হচ্ছে, চিরুনি অভিযান কতটা নিয়মিত ও কার্যকর হবে? অতীতে বিভিন্ন সময় মশক নিধনে নানা কর্মসূচি নেওয়া হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। অভিযান শুরুর পর কিছুদিন তৎপরতা দেখা গেলেও পরবর্তী সময়ে তা অনেক ক্ষেত্রে স্তিমিত হয়ে পড়ে। এ ধরনের সাময়িক উদ্যোগে ডেঙ্গুর মতো মৌসুমি ও বিস্তারশীল রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন বছরব্যাপী পরিকল্পিত কার্যক্রম, নিয়মিত নজরদারি এবং প্রতিটি ওয়ার্ডে জবাবদিহি নিশ্চিত করা। মশার লার্ভা শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুনরায় পরিদর্শন করতে হবে। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জমি, ড্রেন ও জলাশয় পরিষ্কারের ক্ষেত্রেও কঠোর নজরদারি প্রয়োজন।
এ ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বও কম নয়। বাসাবাড়ি, ছাদ, বারান্দা, আঙিনা ও কর্মস্থলে পানি জমতে না দেওয়া প্রত্যেকের দায়িত্ব। সপ্তাহে অন্তত এক দিন জমে থাকা পানি অপসারণ, পানির পাত্র পরিষ্কার রাখা এবং অব্যবহৃত সামগ্রী সরিয়ে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বাড়ির মালিক, ভবন নির্মাতা ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করতে হবে। তবে, নাগরিক সচেতনতার কথা বলে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং কার্যকর মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা তাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
অন্যদিকে, হামের পরিস্থিতিও গভীর উদ্বেগের। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের শরীরে হাম শনাক্ত এবং এক হাজারের বেশি মানুষের হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষ করে, শিশুদের মধ্যে সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। টিকার আওতার বাইরে থাকা শিশুদের চিহ্নিত করে দ্রুত টিকাদানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা, হাসপাতালের পর্যাপ্ত শয্যা এবং সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেঙ্গু ও হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন এবং নাগরিকদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা।
রোগের প্রকৃত চিত্র নিয়মিত প্রকাশ, আক্রান্ত এলাকার ভিত্তিতে ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় জনবল ও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। জনস্বাস্থ্য কোনো মৌসুমি বিষয় নয়; এটি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই মৃত্যুর সংখ্যা বাড়ার পর তৎপর হওয়ার পরিবর্তে আগাম প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। ডেঙ্গু ও হামের বিস্তার আমাদের স্বাস্থ্যব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা। এ পরীক্ষায় সফল হতে হলে প্রয়োজন লোকদেখানো অভিযান নয়, ধারাবাহিক কর্মপরিকল্পনা, কঠোর বাস্তবায়ন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। মানুষের জীবন রক্ষার প্রশ্নে কোনো ধরনের অবহেলা কিংবা সমন্বয়হীনতার সুযোগ নেই। এখনই কার্যকর পদক্ষেপ নিতে না পারলে জনস্বাস্থ্যের সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









