শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সমান সুযোগ পাবে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং দলগত চেতনার বিকাশ ঘটবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্যও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে।
এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচারণা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিষ্ঠান ছেলে ও মেয়ে—উভয় বিভাগে পৃথক দল অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে সভায় জানানো হয়।
প্রতিযোগিতাকে ঘিরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, এ আয়োজনের লক্ষ্য দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা। তিনি জানান, শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









