দীপাবলির দিন প্রিয়জনকে হারালেন অভিনেতা রণবীর সিং। অভিনেতার নানা চিকিৎসক রাম হিঙ্গোরানি ৯৬ বছর বয়সে মারা গেছেন। এতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
রণবীর তার নানার খুবই আদরের ছিলেন বলে জানা যায়। অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমেও মাঝেমধ্যেই দেখা যেত তাদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও।
অভিনেতার নানার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন রণবীরের কাজিন সৌম্যা হিঙ্গোরানি ঠাকরে।
নানাকে স্মরণ করে আবেগঘন একটি পোস্টও করেন তিনি লেখেন, “আমার দাদু দীপাবলির দিন ঠিক (দীপান্বিতা) লক্ষ্মীপুজোর সময়ে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ফিরে গিয়েছেন আমার দিদার কাছে। এর চেয়ে শুভ সময় বোধ হয় তিনি বেছে নিতে পারতেন না। দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তে, লক্ষ্মীপুজোর সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন।”
নানার প্রয়াণে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি রণবীর বা তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। তবে অতীতে একাধিক বার নানার সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
২০২৩ সালে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রচারের সময়ও নানার সঙ্গে কাটানো মুহূর্ত প্রকাশ করেছিলেন অভিনেতা। সেই সময়ে তার নানার বয়স ছিল ৯৩ বছর।
একটি ভিডিওতে দেখা যায়, রণবীরের সঙ্গে ‘ঝুমকা গিরা রে’ গানে নাচছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









