যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত উৎসব কোচেলা ২০২৬-এর মঞ্চে হেডলাইনার হিসেবে উপস্থিত হয়ে আবারও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার পারফরম্যান্স শুধু সরাসরি উপস্থিত দর্শকদের মুগ্ধ করেনি, বরং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে।
বিনোদনভিত্তিক মাধ্যম ভেরাইটি-এর তথ্য অনুযায়ী, বিবারের পারফরম্যান্সের পর তার ২১টি গান স্পটিফাইয়ের গ্লোবাল টপ ২০০ তালিকায় প্রবেশ করেছে, যা উৎসবে অংশ নেওয়া অন্যান্য শিল্পীদের তুলনায় সর্বোচ্চ।
পারফরম্যান্সের পরদিনই স্পটিফাই-এ বিবারের গান একদিনে ৭৭ মিলিয়নের বেশি স্ট্রিম ছাড়িয়ে যায়, যা ২০২৬ সালে তার সর্বোচ্চ দৈনিক রেকর্ড। একইসঙ্গে তিনি গ্লোবাল টপ আর্টিস্ট তালিকার শীর্ষেও উঠে আসেন। অন্যদিকে এপেল মিউজিক-এও তার গানের স্ট্রিমিং ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই উত্থানের পেছনে কাজ করেছে তার পুরনো জনপ্রিয় গান ও নতুন রিলিজের সমন্বয়। তার বিখ্যাত গান 'বিউটি এন্ড এ বিট' উঠে আসে তৃতীয় স্থানে, বেইবি অবস্থান করে ১২তম স্থানে এবং নতুন গান 'ডিজেস' পৌঁছে যায় ১৬তম স্থানে।
যুক্তরাষ্ট্রে তার অ্যালবাম 'সোয়াগ' গত সপ্তাহে ৮০ শতাংশ বেশি শোনা হয়েছে, যা চলতি বছরে অ্যালবামটির সবচেয়ে সফল সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া দেশটির স্পটিফাই ডেইলি টপ সং তালিকায় তার ১৩টি গান স্থান পেয়েছে।
কোচেলার মঞ্চে বিবারের ৯০ মিনিটের পারফরম্যান্সে ছিল স্মৃতিকাতরতা উপস্থাপনার মিশ্রণ। তিনি ল্যাপটপ ও আর্কাইভ ভিডিওর মাধ্যমে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতি তুলে ধরেন।
প্রায় ২৫ মিনিটের নস্টালজিয়া অংশে তিনি শৈশবের ভাইরাল মুহূর্তগুলো প্রদর্শন করেন এবং পরিবেশন করেন 'ফেভারিট গার্ল' ও 'দ্যাট শুড বি মি'-এর মতো গান। এই আবেগঘন পরিবেশনা তার দীর্ঘদিনের ভক্তগোষ্ঠী 'বিলিবার্স'-দের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনে সহায়ক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রথম সপ্তাহের সাফল্যের পর, দ্বিতীয় সপ্তাহেও শনিবার কোচেলার প্রধান মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে জাস্টিন বিবারের। সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









