ইসরাইলের প্রায় ৬০ শতাংশ নাগরিক মনে করেন, দেশটির অভ্যন্তরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। ইহুদি নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউট (জেপিপিআই) পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে গত এক বছর তাদের জন্য অত্যন্ত খারাপ কেটেছে। একই সঙ্গে ৪৯ শতাংশ নাগরিক দেশের ভবিষ্যৎ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
সমীক্ষায় আরও দেখা যায়, ৫২ শতাংশ ইসরাইল মনে করেন দেশে আবারও রাজনৈতিক হত্যাকাণ্ডের উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের আশঙ্কা, প্রধানমন্ত্রী বা অন্য কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হামলার লক্ষ্যবস্তু হতে পারেন।
গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ইয়েদিদিয়া স্টার্ন বলেন, ইসরাইলের সমাজ একদিকে যেমন স্থিতিস্থাপকতা ও আশাবাদের পরিচয় দিচ্ছে, অন্যদিকে অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক মেরুকরণও গভীর হয়েছে। তার মতে, দেশের নাগরিকরা এখন এই অভ্যন্তরীণ বিভক্তিকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, পারস্পরিক সংহতি, সামাজিক ঐক্য এবং মানুষের মধ্যে আস্থা পুনর্গঠনে দ্রুত দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









