ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনটির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্ত মেনে নিলেই কেবল কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে।”
শনিবার (৮ আগস্ট) ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ও এটি পুনরায় চালুর শর্ত নিয়ে বক্তব্য দেন মোহেব্বি।
তিনি বলেন, “হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের নিজস্ব আইনি ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা রয়েছে। ওমানের সঙ্গে চলমান আলোচনার প্রক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রণালীটি খোলার সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে নেওয়া হবে।”
আইআরজিসির এই মুখপাত্র হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বও তুলে ধরে বলেন, “ইরানের কাছে এটি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়। দেশটির ভূরাজনৈতিক সক্ষমতা ও শক্তির গুরুত্বপূর্ণ প্রতীকও এই প্রণালি। ইরানের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এর ব্যবহার ও নিয়ন্ত্রণ করা হয়।”
মোহেব্বি বলেন, “হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য ইসলামিক রিপাবলিক অব ইরান আনুষ্ঠানিকভাবে কিছু শর্ত নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা জানানো হয়েছে। প্রণালিটি কখন এবং কীভাবে খুলবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র এ সব শর্ত কতটা মেনে নিচ্ছে তার ওপর।”
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে বাধা ও হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, “পরিবহনপথ পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের ‘আইনি ও যৌক্তিক শর্তগুলো’ পুরোপুরি মেনে নিতে হবে।”
একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইরান-ওমানের আলোচনা এবং অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে চলমান আলোচনায় হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান তিনি। তার দাবি, এ সব আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মোহেব্বি বলেন, “যুক্তরাষ্ট্র যখন ইরানের শর্ত মেনে নেবে এবং হস্তক্ষেপের নীতি থেকে সরে আসবে, তখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিস্থিতি তৈরি হবে।”
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথের কার্যক্রম সীমিত থাকা বা পুনরায় চালু হওয়ার বিষয়টি শুধু ইরান ও উপসাগরীয় অঞ্চলের জন্য নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









