ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই জলপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার পর তিনি এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের সিদ্ধান্তেই খোলা ও বন্ধ হবে।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের ADNOC-এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়। আমিরাতের বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার নিন্দা জানিয়েছে সৌদিসহ অন্যান্য আরব দেশগুলো। এসব হামলাকে সামুদ্রিক নিরাপত্তা ও নৌযান চলাচলের জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ ও বাণিজ্যিক ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ধারাবাহিক হামলার নিন্দা জানায় সৌদি আরব। এসব হামলার পুনরাবৃত্তি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, সামুদ্রিক নৌযান চলাচলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
এদিকে, হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, টুইট, বিমানবাহী রণতরী, নির্দেশ বা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা যায় না... ইরান হুমকিকে ভয় পায় না এবং শক্তি প্রদর্শনেও ভীত হয় না।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশে ঘারিবাবাদি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে কৌশলগত ও বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে স্বীকার করতে হবে। হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। এই প্রণালি কেবল ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ হবে। যতক্ষণ না আপনারা প্রকৃত পরাজয় মেনে নেন এবং আপনাদের স্বপ্ন পরিত্যাগ করেন, ততক্ষণ ইরান (হরমুজ প্রণালিতে) অবরোধ অব্যাহত রাখবে।
ঘারিবাবাদির মতো একই তথ্য দেওয়া আইআরজিসির রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি বলেন, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। মার্কিন কর্মকর্তাদের ঘোষণা বা বিবৃতির মাধ্যমে নয় বরং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই প্রকৃত অবস্থা বোঝা উচিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি এখনও বন্ধ রয়েছে এবং সমুদ্রপথে চলাচলের ওপর ইরানি বাহিনী পূর্ণ ও দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
তিনি বলেন, প্রণালির ভেতরে কোনো ধরনের জাহাজ চলাচলই আইআরজিসি নৌবাহিনীর নজরদারি এড়াতে পারে না।
রিয়ার অ্যাডমিরাল ওজমায়ি জোর দিয়ে বলেন, প্রকৃত পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের ভিত্তিতে নয় বরং মাঠপর্যায়ে কার্যত কী ঘটছে, তার ভিত্তিতে বিচার করা উচিত।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









