ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও এক শিশু রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চোরবাজার সর্বজনীন পূজামণ্ডপকে এ বছর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তিনটি ‘সেরার সেরা’ পূজামণ্ডপের একটি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেখানেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ পূজামণ্ডপের ভেতরে আশ্রয় নেন। বৃষ্টির কারণে মানুষের ভিড় বাড়তে থাকায় সেখানে চাপাচাপির পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে পদদলনের ঘটনা ঘটে। এতে অনেকে জ্ঞান হারান। আহতদের হাসপাতালে নেওয়ার পর ১৯ জনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সেখানে জনসমাগম নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমনকি পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবকও ছিলেন না।
ঘটনার পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে যান এবং আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ ঘটনার জন্য তিনি পূজা আয়োজক কমিটিকে দায়ী করেছেন। একই সঙ্গে অন্য পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূজামণ্ডপ কমিটির একটি ঘোষণার কারণে পদদলনের ঘটনার সূত্রপাত হয়। হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একজন ছাড়া বাকি সবাই ভালো আছেন।
নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ও ডি-গ্রেডের একটি সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









