সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরানে নজরদারি চালানোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের দুই ক্রু নিহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এএইচ-৬আই হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।
এর আগে গতকাল ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, তাদের যোদ্ধারা সৌদি আরবের নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। হেলিকপ্টারটি তাদের ওপর হামলা চালাচ্ছিল বলেও দাবি করেন তিনি।
হুথিদের এ দাবির প্রায় এক দিন পর সৌদি আরব তাদের একটি নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য জানাল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
হুথিদের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবির জবাবে সৌদি জোটের মুখপাত্র সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনি দাবি করেছেন, আপনারা অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। কিন্তু এটি শিগগিরই যুদ্ধে যুক্ত হবে।’
এদিকে গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। সংঘাতের শুরু থেকে সৌদি আরব হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। জবাবে হুথিরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ তেল অবকাঠামোতে পাল্টা হামলা চালায়।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানাসহ একাধিক প্রদেশ দখল করে। এরপর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। হুথিদের সানা থেকে হটিয়ে দিতে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর পরিস্থিতি শান্ত থাকলেও চলতি বছরের জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেন ও সৌদিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









