বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। খবর আরটি নিউজের।
তিনি জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়।
বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি।
স্যালিনাসের বিবৃতিতে যদিও হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে এই নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী ছিলেন এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়িগুলোতে ছিলেন—তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
বলিভিয়ার বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল সার্জিও লোরা এক বিবৃতিতে জানান, কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ মিললেও দুজনের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না।
কার্গো উড়োজাহাজটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো শহরের দিকে যাচ্ছিল বলে উল্লেখ করেছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









